যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে আহত ১৬

আপডেট : ২৩ নভেম্বর ২০১৫, ১২:০৬
আমেরিকার নিউ অরলিন্সের একটি খেলার মাঠে গুলিতে কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল এ তথ্য জানিয়েছে।
 
আহতদের মধ্যে কয়েকজনকে নিকটস্থ বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেয়া হয়। অন্যদের হাসপাতালে নেয়া হয় বলে পুলিশ জানিয়েছে। 
 
প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয় দুর্বৃত্তদের দু’টি গ্রুপের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।
 
ডব্লিউডব্লিউএল নামের টেলিভিশন চ্যানেলটি জানায়, রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার দিকে শহরের নাইন এভিনিউয়ের বানি ফ্রেন্ড খেলার মাঠে ৫০০ লোকের উপস্থিতিতে একটি মিউজিক ভিডিও তৈরির কাজ চলছিল। এ  সময় গুলি চালানোর ঘটনা ঘটে।
 
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, কমপক্ষে দু’জন বন্দুকধারী গুলি বর্ষণ করে। এসময় কমপক্ষে ১৬ জন গুলিবিদ্ধ হন। তবে কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।