সন্ত্রাসবিরোধী অভিযানে বেলজিয়ামে গ্রেফতার ১৬

আপডেট : ২৩ নভেম্বর ২০১৫, ১২:৩১
 
বেলজিয়ামে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তবে ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলার প্রধান সন্দেহভাজন সালাহ আবদেসালাম এখনো গ্রেফতরা করা যায়নি বলে জানিয়েছেম বেলজিয়ামের কর্মকর্তারা। সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
 
এরিক ভ্যান দের স্পিট নামের দেশটির একজন প্রসিকিউটর একটি সংবাদ সম্মেলনে বলেছেন, রবিবার রাজধানী ব্রাসেলস ও শার্লেরুই জুড়ে ২২টি স্থানে অভিযান চালিয়েছে পুলিশ।   
 
এর মধ্যে মোলেনবিকে একটি গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। এতে এক সন্দেহভাজন আহত হন। পরে তাকে গ্রেফতার করা হয়।
 
IMG0
 
ভ্যান দের জানিয়েছেন, অভিযান পরিচালনা করার সময় কোনো অস্ত্র বা বিস্ফোরক উদ্ধার করা সম্ভব হয়নি।
 
প্যারিসের মতো হামলার আশঙ্কায় রাজধানী ব্রাসেলসে সর্বোচ্চ সতর্কতা জারির পর গত তিন দিন ধরে সেখানে স্কুল বিশ্ববিদ্যালয় বন্ধ। মেট্রো রেলও চলছে না।
 
প্রধানমন্ত্রী চার্লস মিশেল সোমবার এক সংবাদ সম্মেলনে নাগরিকদের সতর্ক করে বলেন, আমরা আশঙ্কা করছি, প্যারিসে যেভাবে হয়েছিল, তেমনভাবে কয়েকটি স্থানে হামলা হতে পারে।
 
বেলজিয়ামের পাশের দেশ ফ্রান্সের রাজধানী প্যারিসে এক সপ্তাহ আগে একসঙ্গে ছয়টি স্থানে একযোগে হামলা চালানো হয়। এতে অন্তত ১৩০ জন নিহত হন ও তিনশোর বেশি আহত হন।
 
প্যারিসে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত আবদেলহামিদ আবাউদ ছিলেন বেলজিয়ামের নাগরিক। হামলার কয়েকদিনের মধ্যে প্যারিসের উপকণ্ঠে একটি বাড়িতে পুলিশি অভিযানে তিনি নিহত হন। আইএসের আরো সক্রিয় সদস্য বেলজিয়ামে অবস্থান করছেন বলে ধারণা করা হয়।
 
হামলাকারী হিসেবে শনাক্ত সালাহ আবদেসালামও প্যারিস থেকে বেলজিয়ামে ঢুকেছেন বলে গোয়েন্দা তথ্য পাওয়ার পর রাতভর তাকে ধরতে অভিযান চলে।