লক্ষ্মীপুরে স্কুলছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ২৩ নভেম্বর ২০১৫, ১৪:০৫
লক্ষ্মীপুরের পিয়ারাপুর থেকে আকরাম হোসেন (১১) নামের চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত আকরাম হোসেন উপজেলার পিয়ারাপুর গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকালে একই বাড়ির আবুল কালামের বাগান থেকে আকরাম হোসেন চুরি করে কিছু সুপারী পেড়ে নিয়ে যায়। এ ঘটনায় আবুল কালাম শিশু আকরাম হোসেনকে বকাঝকা করে এবং তার মাকে সুপারি চুরির কথা জানায়। আকরাম হোসেনের মা ও এ নিয়ে ছেলেকে বকাবকি করে। চুরির অপমান সইতে না পেরে এবং মায়ের সঙ্গে অভিমান করে আকরাম হোসেন রবিবার রাতে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। 
 
এ সময় আকরাম হোসেনের মা ও পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। সবাই অন্যত্র বেড়াতে যান। এ সুযোগে আকরাম হোসেন আত্মহত্যা করেছে বলে জানান স্থানীয়রা। রাতে নিজ ঘরে আকরাম হোসেনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। 
 
সদর থানার এস আই ময়নুল ইসলাম জানায়, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে আকরাম হোসেন আত্মহত্যা করেছে সে বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।