মেয়র ‘চিফ ঝাড়ুদাড়’: আনিসুল হক

আপডেট : ২৩ নভেম্বর ২০১৫, ১৮:২৬
 
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, ‘ঢাকা শহরে ৫৬ টি সরকারি প্রতিষ্ঠান কাজ করে। আর মেয়র এসব প্রতিষ্ঠানের চিফ ঝাড়ুদার হিসেবে কাজ করেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক কোনো সমন্বয় নেই। মেয়র হিসেবে আমার ঝাড়ু দেয়া আর কিছু ফুল-টুল লাগানো ছাড়া কোনো কাজ নেই।
 
বিশ্বব্যাংকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনের ফলে ঢাকা শহরের পানি ব্যবস্থাপনা সংক্রান্ত দুটি প্রতিবেদন সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ঢাকাস্থ বিশ্বব্যাংক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হক।
 
ঢাকা উত্তরের মেয়র আক্ষেপ করে বলেন, ‘আমি একজন মেয়ার কিন্তু ঢাকার কোনো খালের উপর আমার নিয়ন্ত্রণ নেই। প্রভাবশালীদের কারণে ঢাকা শহরের সব খাল-ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে। ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা চরম বাধাগ্রস্ত হচ্ছে।’
 
খাল ও অবৈধ জমির বিষয়ে উচ্চ আদালতে প্রভাবশালীদের রিট মামলার বিষয়ে তিনি বলেন, মেয়র আসে, মেয়র যায় কিন্তু কোর্টে কেস শেষ হয় না। খাল-নদী-জায়গা দখলমুক্ত করা হলে সবাই হাইকোর্টে যায় এবং সুবিধা নেয়। ফলে মেয়রের পক্ষে কিছু করার থাকে না।
 

ঢাকার অবৈধ বিল বোর্ড উচ্ছেদের বিষয়ে তিনি বলেন, সিটি কর্পোরেশনের পক্ষ হতে ২০ হাজার বিলবোর্ড ঝুকিপূর্ণ হিসেবে সনাক্ত করা হয়েছে। আমরা পর্যায় ক্রমে উচ্ছেদ করছি, কিন্তু এ কাজটি করা অনেক কঠিন। কারণ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ সিভিল এভিয়েশনেরও বিলবোর্ড রয়েছে।