যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সন্ত্রাসবাদ ঠেকাতে তিনি প্রেসিডেন্ট হলে কিছু মসজিদের ওপর নজরদারি চালানোর নির্দেশ দিতেন। অ্যালাবামা অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেয়ার সময় তিনি বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভবন দুটি যখন ভেঙে পড়ছিল তখন জার্সি সিটিতে তিনি হাজার হাজার মানুষকে উল্লাস করতে দেখেছেন।
বক্তৃতায় তিনি যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলমানদের ডাটাবেজ তৈরি সমর্থন করার কথা অস্বীকার করেন। এর সঙ্গে তার নাম জড়ানোর জন্য তিনি গণমাধ্যমের দিকে আঙ্গুল তুলেন। তিনি দাবি করেন, সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী শরণার্থীদের ডাটাবেজ ও কিছু মসজিদের ওপর নজদারি করার পক্ষে তিনি।
প্যারিসে সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হওয়ার পর সিরীয় শরণার্থীদের আশ্রয় দেয়া নিয়ে যুক্তরাষ্ট্রে জোর বিতর্ক চলছে। ধারণা করা হচ্ছে প্যারিস হামলার মূল পরিকল্পনা সিরিয়া থেকে করা হয়েছিল। সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস
