লালমনিরহাটের ৫ম পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য প্রশাসনিকভাবে সব প্রস্তুতি থাকলেও ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হলেও কোনো কোনো কেন্দ্রে ১/২ ঘণ্টার পর কম সংখ্যক ভোটার আসতে শুরু করে। কোথাও ভোটারদের লাইন ধরে ভোট দিতে দেখা যায়নি। বিকেল পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে ও ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তাগণের সঙ্গে কথা বলে জানা যায় ভোটার উপস্থিতি ছিল তুলনামূলকভাবে অনেক কম। আজ রবিবার সরেজমিনে একাধিক ভোট কেন্দ্র ঘুরে এসব চিত্র দেখা গেছে।
দুপুরের দিকে পাটগ্রাম পৌর শহরের ইসলামি আদর্শ বিদ্যানিকেতন ভোট কেন্দ্রে নৌকা ও আনারস মার্কার সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর আনারস মার্কার প্রার্থী ওয়াজেদুল ইসলাম শাহীন ওই কেন্দ্রের ৬ নম্বর বুথে প্রবেশ করে নৌকা মার্কার পোলিং এজেন্ট বুলবুল আহমেদকে (২৫) মারপিট করে আহত করে। পরে তাকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করানো হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. একেএম খাইরুজ্জামান চৌধুরী বলেন, ‘বুলবুল আহমেদ ডান চোখে মারাত্মক আঘাত পেয়ে পাটগ্রাম হাসপাতালে ভর্তি রয়েছেন।’
আরও পড়ুন: উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ মনছুর আলী সরকার জানান, ‘বুড়িমারী ইউনিয়নের খারিজা উপেনচৌকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার একেএম আসাদুজ্জামান ও পোলিং অফিসার আনিছার রহমানকে নিজেরা ভোট দেওয়ার চেষ্টার অপরাধে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নির্বাচনী আইননুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
ইত্তেফাক/কেকে
