মনীষী

শর্ট হ্যান্ড প্রবর্তনের অগ্রপথিক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৮:৫৫

 

আজ ১১ মার্চ বাংলা সংকেত লিপি বা শর্ট হ্যান্ড প্রবর্তনের অগ্রপথিক দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের ১৭৯তম জন্মদিন। ১৮৪০ সালে তিনি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর। মায়ের নাম সারদাসুন্দরী দেবী।

দ্বিজেন্দ্রনাথ ঠাকুর কবিতার আকারেও সংকেত লিপি চালু করেন। বাংলাগানে স্বরলিপির ব্যবহার প্রবর্তনের ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। গান রচনা ছিল তাঁর স্বভাবগত। তাঁর রচিত ব্রাহ্মসংগীত ‘করো তাঁর নাম গান, যতদিন রহে দেহ প্রাণ’ বহু বছর ব্রাহ্মসমাজের প্রার্থনা সভায় গীত হয়েছিল। এছাড়াও ব্রাহ্মসমাজের সাধারণ প্রার্থনা সভাগুলোতেও তাঁর রচিত গান গীত হয়।

বাংলা সাহিত্যে দ্বিজেন্দ্রনাথের প্রথম অবদান ছিল ধ্রুপদী সংস্কৃত ভাষায় রচিত কালিদাসের মেঘদূত কাব্যের বঙ্গানুবাদ। এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল ১৮৬০ সালে। ১৮৭৫ সালে প্রকাশ হয় তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ স্বপ্নপ্রয়াণ। এই গ্রন্থে বিভিন্ন ছন্দশৈলীর প্রয়োগের উপর তাঁর আশ্চর্য নিয়ন্ত্রণ ক্ষমতার পরিচয় পাওয়া যায়। সেই যুগে গ্রন্থটি বাংলা কাব্যের এক দিকনির্দেশক এবং সেই কারণে গ্রন্থটির ঐতিহাসিক মূল্যও অনস্বীকার্য।

দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন সত্যিকারের দার্শনিক। তিনি ‘ন্যাশনাল সোসাইটি’ ও ‘বিদ্বজ্জন সমাগম’ নামে দুটি দর্শনচর্চাকারী সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনায় সহায়তা করেছিলেন। তাঁর প্রধান দর্শনগ্রন্থ হলো তত্ত্ববিদ্যা (১৮৬৬-৬৮, তিন খণ্ডে প্রকাশিত)। এই বইটি বাংলা দর্শন চর্চার ইতিহাসে একটি পথপ্রদর্শক গ্রন্থ। বাংলা ভাষায় এই জাতীয় গ্রন্থ আগে প্রকাশিত হয়নি। তাঁর অপর দুটি দর্শন গ্রন্থ হলো—অদ্বৈত মতের সমালোচনা এবং আর্যধর্ম ও বৌদ্ধধর্মের ঘাত-প্রতিঘাত।

দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ১৮৮৪ সাল থেকে সুদীর্ঘ ২৫ বছর তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদনা করেন। এছাড়াও তাঁর সম্পাদনায় ভারতী নামে আরেকটি পত্রিকা প্রকাশিত হয়।

দ্বিজেন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন ধরনের পরীক্ষানিরীক্ষা করতেন। কিন্তু ব্যক্তি মানুষ ছিলেন খুবই অগোছালো।

দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা। রবীন্দ্রনাথ তাঁকে বড়ো দাদা বলে ডাকতেন। রবীন্দ্রনাথ তাঁর বড়ো দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নপ্রয়াণ সম্পর্কে লিখেছেন—স্বপ্নপ্রয়ান কাব্যের ছেঁড়া পাণ্ডুলিপির পাতা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যেখানে সেখানে পড়ে থাকত। এগুলি সংগ্রহ করে প্রকাশ করা গেলে তা উক্ত গ্রন্থের একটি মূল্যবান সংস্করণ হতো।