ডেমরায় যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৫ নভেম্বর ২০১৫, ১১:৫৭
ডেমরায় তারিকুল ইসলাম (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকাল পৌনে ১০টার দিকে বামৈল বাজার এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। মৃত তারিকুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভ্রাম্যনখালি গ্রামের জাহিরুদ্দিনের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে বামৈল বাজার সংলগ্ন ভরাট পুকুরের পাড়ে লাশটি দেখে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে রাজধানীর মিডফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। তাদের ধারণা, মঙ্গলবার দিবাগত গভীর রাতে কে বা কারা লাশটিকে ফেলে গেছে।
 
তারা আরও জানায়, লাশের শরীরে তেমন কোনো ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গভীর রাতে ইঁদুর বা কোনো প্রাণী হয়ত হাতের আঙ্গুলে দাঁত দিয়ে ক্ষতের সৃষ্টি করেছে।
 
এ বিষয়ে ডেমরা থানার অপারেশন অফিসার স্নেহাশেষ বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারিকুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অবশ্য ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আসল ঘটনা বেরিয়ে আসবে।'