নীলফামারীর জলঢাকা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু চারজন কাউন্সিলরসহ জাতীয় পার্টির অর্ধ শতাধিক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যোগ দিলেন উপজেলা কৃষকলীগে। দীর্ঘদিন থেকে পৌর মেয়র আওয়ামী লীগে যোগদান করবে এমন গুঞ্জন শোনা গেলেও মঙ্গলবার দিবাগত রাতে কৃষকলীগে যোগদানের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটে।
স্থানীয় ডিগ্রী কলেজ অডিটরিয়ামে যোগদান অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টি থেকে আসা পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলুকে ফুলের মালা দিয়ে বরণ করেন। এ সময় মেয়রের সঙ্গে ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ রায়, ৩ নম্বর ওয়ার্ডের মোশফেকুর রহমান চৌধুরী, ৮ নম্বর ওয়ার্ডের রনজিৎ কুমার রায়, ও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোশফেকুর রহমানের সহধর্মিনী কৃষকলীগে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আশরাফ আলী, পৌর সভাপতি মোখলেছুর রহমান সনজু, সাধারণ সম্পাদক রইসুল হক বাবলু, সাংগঠনিক সম্পাদক মানিকসহ স্থানীয় উপজেলা ও পৌর কৃষকলীগের নেতারা।
এর আগে যোগদানকারী পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করেন। যোগদান শেষে একটি আনন্দ মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে।
তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মেয়র বাবলু বলেন, 'আমি ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি। আমার বাবাও দীর্ঘদিন আওয়ামী লীগে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।'
অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মাঝে মেয়র ইলিয়াস হোসেন বাবলুর কৃষকলীগে যোগদানকে কেন্দ্র করাকে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
