উয়েফা বর্ষসেরা দলের খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় লিওনেল মেসি, লুইস সুয়ারেজসহ বার্সেলোনার সর্বোচ্চ আটজন জায়গা করে নিয়েছেন। গত মৌসুমে জুভেন্টাসকে ফাইনালে ৩-১ গোলে হারিয়ে পঞ্চমবারের মত ইউরোপিয়ান শিরোপা জয় করেছিল কাতালান জায়ান্টরা।
এই দলে সিরি-আ চ্যাম্পিয়ন জুভেন্টাস থেকে জায়গা পেয়েছেন ছয়জন। টানা ১২ তম বারের মত এই তালিকায় স্থান করে নিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এর আগে রেকর্ড ধারাবাহিক আটবারের মত চূড়ান্ত একাদশে নিজের অবস্থান নিশ্চিত করেছিলেন সিআর সেভেন।
এই তালিকায় সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে জায়গা করে নিয়েছেন বায়ার লেভারকুসেনের ২১ বছর বয়সী তুরস্কের মিডফিল্ডার হাকান কালহানোগলু। অন্যদিকে সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় হিসেবে এই তালিকায় আছেন ৩৭ বছর বয়সী জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফন।
উয়েফা ওয়েবসাইটে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের ভোট প্রদান করতে পারবেন। তাদের ভোটেই নির্বাচিত দলের খেলোয়াড় তালিকা তিনদিন পরে প্রকাশ করা হবে।বাসস।
