রাজধানীর শাজাহানপুরে রিকশার ধাক্কায় সিফাত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ৯টার দিকে তার মৃত্যু হয়েছে।
সিফাত ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার সুতিখাল গ্রামের ইমরান মিয়ার ছেলে। বাবা-মায়ের সঙ্গে সে রেলওয়ে কলোনির বস্তিতে ভাড়া থাকত।
মা নাসিমা বেগম জানান, সন্ধ্যার আগে কলোনির ভেতরে ছেলেকে নিয়ে এক পরিচিতের বাসায় বেড়াতে যান। সেখান থেকে বাসায় ফেরার পথে মির্জা আব্বাস ডিগ্রি কলেজের সামনে রাস্তা পারাপারের সময় সিফাত হঠাৎ তার হাত ছেড়ে দিয়ে এক দৌড়ে রাস্তা পার হতে যায়। এ সময় সে একটি রিকশার সঙ্গে ধাক্কা খায়। এতে সে মাথায় আঘাত পায়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে শাজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আগারগাঁও শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় শিশুটির মৃত্যু হয়।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে।
