বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন (আংকটাড) ২০১৫ সালের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ মানবসম্পদ উন্নয়নে নজর দিলে ২০২৪ সালে 'স্বল্পোন্নত' থেকে 'উন্নয়নশীল' দেশের কাতারে উন্নীত হতে পারবে। তবে তার আগে উন্নয়নশীল দেশ হওয়া সম্ভব নয় বলে জানিয়েছে তারা। বৃহস্পতিবার বেসরকারি গবেষণা সংস্থ সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আনুষ্ঠানিকভাব এক প্রতিবেদন প্রকাশ ও আলোচনায় এ কথা বলেন সিপিডি’র সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
তবে এই বিষয়টির সঙ্গে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থান নিম্ন মধ্যম আয়ের বিষয়টিকে গুলিয়ে না ফেলতে আহ্বান জানিয়েছে সিপিডি। সংস্থাটির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, 'স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে ইকোয়াটরিয়াল গিনিয়ার মতো দেশ রয়েছে, যার মাথাপিছু আয় ১৬ হাজার ৮৯ ডলার। এলডিসি থেকে উত্তরণের বিষয়টি অন্য আরো সূচকের উপর নির্ভরশীল। এলডিসি থেকে উত্তরণের জন্য আয়, মানব সম্পদ সূচক ও অর্থনৈতিক ঝুঁকি সূচক (ইভিআই)- এই তিনটি শর্তের মধ্যে অন্তত দুটি পূরণ করতে হবে।'
প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশ এর মধ্যেই ইভিআই শর্ত পূরণ করেছে এবং মানব সম্পদ সূচকের শর্ত অর্জনের কাছাকাছি রয়েছে। মাথাপিছু আয় দেখানো হয়েছে ৯২৬ ডলার, যা একহাজার ২৪২ ডলারের প্রয়োজনীয় আয়সূচকের অনেক নিচে রয়েছে।
তবে প্রতিবেশী দেশ নেপাল ও ভুটান এর মধ্যেই এলডিসি থেকে বের হওয়ার জন্য প্রয়োজনীয় দুটি শর্ত পূরণ করেছে বলে প্রতিবেদনে দেখানো হয়েছে।
