গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় পিএসসি পরীক্ষার্থীসহ ১৬ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পিএসসি ধর্ম পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে উপজেলার জামালপুর ইউনিয়নের বাগবাড়ী মোড়ে ভটভডি উল্টে ১১ পিএসসি পরীক্ষার্থী আহত হয়। অন্যদিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী এলাকায় ট্রাকের চাকা ফেঁটে তা উল্টে খাদে পড়ে পাঁচজন আহত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জামালপুর আরএম বিদ্যাপীঠ পিএসসি পরীক্ষা কেন্দ্র থেকে ধর্ম পরীক্ষা শেষ করে ১১ পিএসসি পরীক্ষার্থী ভটভটিতে করে বাড়ি ফিরছিল। এ সময় ওই ইউনিয়নের বাগবাড়ী মোড়ে একটি ইজি বাইককে ওভারটেক করতে গিয়ে ওই পরাক্ষার্থী বাহী ভটভটি যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে উপজেলার বেতুয়া গ্রামের হৃদয়, বিথী, চৈতী, ফাতেমা আক্তার, শ্রাবন্তী, আফরিন, আবীর হোসেন, গোবিন্দ, মুক্তা, পলাশ, জাকির হোসেন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় হৃদয়, বিথী ও চৈতীকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
অন্যদিকে সকালে উপজেলার বঙ্গবন্ধু বাজার এলাকার একটি ইটভাটা থেকে ইট বোঝাই একটি ট্রাকের চাকা দক্ষিণ ভাদার্ত্তী বেড়িবাঁধ সড়কে ফেঁটে যায়। এতে ট্রাকটি উল্টে খালে পড়ে চালক ও হেলপারসহ পাঁচজন আহত হয়। স্থানীয়রা আহত চালক নজরুল ইসলাম (৩০) ও মিলন মিয়াকে (২৭) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তাদের বাড়ি রাজধানীর উত্তরা এলাকার উত্তরখাঁন থানার কাঁচকুড়া গ্রামে। বাকীরা অন্য হাসপাতালে ভর্তি হওয়ায় তাদের পরিচয় জানা যায়নি।
