বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ‘গণতন্ত্র না থাকায় বাংলাদেশ সারাবিশ্বে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিতি পাচ্ছে। গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত জঙ্গিবাদের উত্থান রোধ করা সম্ভব হবে না।’
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে চ্যালেঞ্জ অফ এক্সিট্রিমিজম ইন বাংলাদেশ’ শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, ‘দেশে আজ গণতন্ত্র নেই। এজন্য জঙ্গির পদধ্বনি শোনা যাচ্ছে। বাংলাদেশ শান্তির দেশ। এদেশে কোনো জঙ্গি থাকতে পারে না। কিন্তু দেশে গণতন্ত্র অনুপস্থিত। এজন্য নানা গোষ্ঠী অপতত্পরতার সুযোগ পাচ্ছে।’
তিনি বলেন, ‘বিদেশিসহ সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের দায় স্বীকার করছে জঙ্গিগোষ্ঠি আইএস। কিন্তু, সরকার বলছে, দেশে কোনো আইএস নেই। সরকার তাদের গ্রেফতার করে কেন প্রমাণ করছে না দেশে আইএস নেই?’
খবর ফোকাস বাংলার।
