জাবিতে স্নাতক গণিত অলিম্পিয়ার্ড অনুষ্ঠিত

আপডেট : ২৭ নভেম্বর ২০১৫, ১৯:০৮
বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের আয়োজনে ৭ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়ার্ড-২০১৫ অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার সকাল নয়টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে গণিত অলিম্পিয়ার্ডের  উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
 
গণিত বিভাগের বিভিন্ন রুমে সকাল ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত গণিতের মৌলিক বিষয়ের উপর ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১২ টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোট ১১৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এরপর দুপুর আড়াইটা থেকে গণিত বিষয়ের উপর মৌলিক প্রশ্ন-উত্তরের পর্ব চলে। এতে প্রতিযোগীরা ও গণিত বিশেষজ্ঞরা অংশ গ্রহণ করেন। এ পর্ব পরিচালনা করেন গণিত বিভাগের অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ।
 
এ সময় গণিত বিভাগের সভাপতি ও ঢাকা উত্তর আঞ্চলিক গণিত অলিম্পিয়াড-২০১৫ আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবদুর রব, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল আলম, গণিত বিভাগের অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, সহকারী অধ্যাপক মোহাম্মদ ওসমান গণি ও বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
এরপর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী প্রথম দশ জনকে পুরস্কৃত করা হয়।