পাকিস্তানে হুমকির মুখে আসমা জাহাঙ্গীর

আপডেট : ২৮ নভেম্বর ২০১৫, ০০:১২

বাংলাদেশে দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর নিয়ে পাকিস্তান সরকারের ‘দ্বৈতনীতির’ সমালোচনা করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানিদের রোষের মুখে পড়েছেন মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীর। টুইটারে ‘আসমা জাহাঙ্গীরকে এখনই বের করে দাও’ হ্যাশট্যাগ ব্যবহার করে এই সমালোচনা করা হচ্ছে। তাকে পাকিস্তান থেকে বের করে দেয়ার হুমকিও দেয়া হচ্ছে।

 
গত সোমবার মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীর পাকিস্তান সরকারের সমালোচনা করে বলেছেন, সামরিক আদালতের মৃত্যুদণ্ড বা সৌদি আরবে পাকিস্তানিদের মৃত্যুদণ্ডের চেয়ে বাংলাদেশের বিরোধীদলীয় দুই রাজনীতিকের ফাঁসি নিয়ে তারা ‘সামঞ্জস্যহীন অতি আবেগ’ দেখিয়েছে। সরকার (পাকিস্তান) শুধু যে সত্যটা প্রমাণ করছে, তা হলো নিজ দেশের নাগরিকের চেয়ে বাংলাদেশে দুই রাজনীতিকের প্রতি বেশি ভালোবাসা রয়েছে। আসমা জাহাঙ্গীর আরো বলেন, যথাযথ পদ্ধতি অনুসরণ করে দুই বাংলাদেশি রাজনীতিবিদের ফাঁসি হয়নি। সন্ত্রাসবাদের অভিযোগে পাকিস্তানের সামরিক আদালতে বিচার হওয়া ব্যক্তিদের অধিকারও একইভাবে খর্ব করা হয়। আমরা সব সময় মৃত্যুদণ্ড এবং অন্যায় বিচারের বিরুদ্ধে সেটা পাকিস্তান, বাংলাদেশ বা অন্য যেখানেই হোক না কেন। 
 

তার এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া আসছে অনেক পাকিস্তানির কাছ থেকে। আয়শা বেলুচ নামের একজন ওই হ্যাশট্যাগ ব্যবহার করে টুইটে লিখেছেন, আসমা জাহাঙ্গীরের দ্বৈতনীতির বিষয়টি আর গোপন নেই। তিনি বাংলাদেশকে এত বেশি ভালোবাসলে এখনো সেখানে যাননি কেন? মেহেরিন নামে একজন তার টুইটে আসমা জাহাঙ্গীরকে উদ্দেশ করে বলেছেন, বাংলাদেশে ফিরে যাও।