স্পোর্টস রিপোর্টার
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে বড় রানের ম্যাচ হয়নি। বেশির ভাগ ম্যাচই হয়েছে লো স্কোরিং। শক্তিশালী ব্যাটিং লাইন নিয়ে বড় দলগুলোও ব্যাটিংয়ে প্রভাব বিস্তার করতে পারেনি। ওয়ানডে ফরম্যাটে মানিয়ে নিতে সময় লাগছে দলগুলোর। আজ প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আবাহনী ক্রীড়াচক্রের প্রতিপক্ষ উত্তরা স্পোর্টিং ক্লাব। বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস অব রুপগঞ্জ খেলবে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল ৯টায়।
প্রথম রাউন্ডে বিকেএসপিকে হারিয়েছিল আবাহনী। কিন্তু বিকেএসপির তরুণরা ভালোই পরীক্ষা নিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। মিরপুরে জহুরুল ইসলাম অমির সেঞ্চুরিতে সেই ম্যাচে পার পেয়েছিল আবাহনী। গতকাল বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করেছে ক্লাবটি। তবে আজ উত্তরা স্পোর্টিংয়ের বিরুদ্ধে বেশ সতর্ক আবাহনী। কারণ প্রথম রাউন্ডে শেখ জামালকে হারিয়েছিল উত্তরা স্পোর্টিং।
গতকাল অনুশীলন শেষে আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত আজকের ম্যাচ নিয়ে বলেছেন, প্রথম বিভাগ ক্রিকেট লিগ থেকে উঠে আসা বিকেএসপি-উত্তরা স্পোর্টিংয়ের দলে নতুন ক্রিকেটার অনেক। যাদের বিপক্ষে খেলা সহজ নয়।
মোসাদ্দেক বলেছেন, ‘আসলে বিকেএসপি বলেন, উত্তরা বলেন, সবাই আমাদের জন্য অচেনা। কারণ এখানে সব নতুন নতুন প্লেয়াররা খেলছে। এদের আমরা খুব একটা চিনিও না। নতুন প্লেয়ারদের সাথে খেলে খাপ খাওয়ানো কঠিন। আসলে এই সব ফরম্যাটে এসে হঠাত্ করেই একজনের বিপক্ষে খেলা কঠিন ব্যাপার। উত্তরা ভালো দল, ভালো খেলছে। একটা ম্যাচে ভালো খেলেছে, ভালো জিতেছে। আমরাও একটা ভালো ম্যাচ জিতেছি।’
টপঅর্ডারে ব্যাটসম্যানরা রান পেলেই বড় স্কোর হবে বলে আত্মবিশ্বাসী মোসাদ্দেক। তিনি বলেছেন, ‘আমি মনে করি যে, যত স্কোরই আমরা করি না কেন, ওইটুকুর মধ্যেই আমরা ভালো ম্যাচ জিতেছি (প্রথম রাউন্ড)। আমার মনে হয়- আমাদের প্লেয়াররা সবাই আত্মবিশ্বাসী। বোলিংয়ে আমরা খুব ভালো বল করেছি। ব্যাটসম্যানরা উপরের থেকে ভালো রান করলে আমরা বড় রান করবো।’
প্রথম রাউন্ডে মিরপুরে বেশ ঘাসের উইকেটেই খেলেছিল আবাহনী। তা ছাড়া বাকি ম্যাচগুলোও হয়েছে লো স্কোরিং। তাই ব্যাটিং নিয়ে খুব আতঙ্কে নেই গত আসরের চ্যাম্পিয়নরা। গতকাল মোসাদ্দেক বলেছেন, ‘আসলে ঘাসটা যেটা ছিল ওইটা খুব একটা সমস্যা করেনি। উইকেট একটু মন্থর ছিল। যার কারণে পরের ইনিংসেও একই অবস্থা হয়েছে। বিকেএসপি যখন ব্যাটিং করেছে ওরাও ১৫৬ রানে অলআউট হয়ে গেছে। এখনো যে কয়টা উইকেটে খেলা হয়েছে সবকটিই মন্থর আছে। সবগুলোতেই লো স্কোরিং ম্যাচ হচ্ছে।’
আগামীকাল প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় বিকেএসপিতে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। মিরপুরে মোহামেডানের বিপক্ষে লড়বে খেলাঘর সমাজকল্যাণ সমিতি। আর ফতুল্লায় গাজী গ্রুপ ক্রিকেটার্স মাঠে নামবে বিকেএসপির বিরুদ্ধে।
