পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রত্যয়নপত্র নিয়েই ইসিতে নিজেদের দলীয় সমর্থন নিশ্চিত করবেন। জাতীয় পার্টির (জাপা) ক্ষেত্রে দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদও মনোনয়ন ক্ষমতা নিজের হাতে রেখেছেন। অন্যদিকে বিএনপির প্রার্থী প্রত্যয়নের ক্ষমতা পেয়েছেন দলটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান।
শনিবার আওয়ামী লীগ, বিএনপি ও জাপার পক্ষ থেকে প্রতিনিধি দলগুলো পৃথক চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) এই তথ্য জানানো হয়। ইসি সচিবালয়ের উপসচিব শামসুল আলম এই চিঠিগুলো গ্রহণ করেন।
পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী কারা, তা ইসিকে জানাবেন দলের যুগ্মমহাসচিব মো. শাহজাহান। তাকে এই ক্ষমতা দিয়ে আজ নির্বাচন কমিশনে খালেদা জিয়ার চিঠি পৌঁছে দিয়েছেন বিএনপির সহ-প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এদিকে মেয়র প্রার্থী মনোনয়নের ক্ষমতা নিজের হাতে রেখেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ ইসির কাছে একটি চিঠিতে নিজেকেই পৌর নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষমতাপ্রাপ্ত বলে জানান তিনি। চিঠিটি ইসির উপসচিব মো. সামসুল আলমের কাছে পৌঁছে দিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু।
