কোটিনহোতে ভরসা রাখছে বার্সা

জয়ের নায়ক মেসি-সুয়ারেজ

আপডেট : ১০ মার্চ ২০১৯, ২১:১৩

স্পোর্টস ডেস্ক

শিরোপাধারী বার্সেলোনা লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে ৩-১ গোলের জয় পেলেও ম্যাচের শুরু থেকে খেলা ব্রাজিলীয় মিডফিল্ডার ফেলিপে কোটিনহো দুয়ো শুনেছেন ঘরের মাঠের দর্শকদের। তবে দলের ডিফেন্ডার জেরার্ড পিকের বিশ্বাস, ভালোই খেলছেন কোটিনহো এবং তার উপর সতীর্থদের সমর্থনও আছে বলে জানান তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে লিওঁর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এদিন ইভান রাকিটিচ, উসমান দেম্বেলেকে বিশ্রামে রাখেন কোচ আর্নেস্তো ভালভার্দে। ফলে একাদশে আসেন কোটিনহো ও আর্তুরো ভিদাল। ঘরের মাঠে বার্সেলোনা ম্যাচের ৩১ মিনিটে সফরকারী ফরোয়ার্ড রাউল ডি টমাসের লক্ষ্যভেদে পিছিয়ে পড়লেও জেরার্ড পিকে, লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের লক্ষ্যভেদে জয় নিশ্চিত করে। তবে ম্যাচে নিষ্প্রভ পারফর্মেন্সের জন্যে দর্শকদের দুয়ো শুনতে হয়েছে কোটিনহোকে।

গেল মৌসুমের মধ্যবর্তী দলবদলে লিভারপুল থেকে ১৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় আসার পর মৌসুমের দ্বিতীয়ার্ধটি দারুণ খেলেছিলেন। সেবার সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচ থেকে ১০ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছিলেন আরও পাঁচটি। তবে এই মৌসুমে কোটিনহো যেন নিজেকে হারিয়ে খুঁজছেন! ২০১৮-১৯ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচ খেলা ব্রাজিলীয় ফরোয়ার্ড গোল করেছেন ৮টি আর গোলে সহায়তা মাত্র দু’টিতে!

ইতোমধ্যেই অনেক ক্লাবের সঙ্গে তার যোগাযোগের গুঞ্জনও শোনা যাচ্ছে স্প্যানিশ ও ইংলিশ গণমাধ্যমে। ডেইলি মেইল ও সান জানাচ্ছে, বার্সেলোনায় খাপ খাইয়ে নিতে প্রতিনিয়ত লড়াই করতে থাকা এই খেলোয়াড় আবারও ফিরতে চান ইংলিশ প্রিমিয়ার লিগে। নতুন গন্তব্য হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড।

বাজে ফর্মের সঙ্গে লড়তে থাকা সাবেক লিভারপুল মিডফিল্ডার অবশ্য এমন কঠিন মুহূর্তে সতীর্থ জেরার্ড পিকেকে পাশে পাচ্ছেন। তার মতে ভালো মানেরই খেলা উপহার দিচ্ছেন ব্রাজিলীয় এই ফুটবলার। তবে যে অর্থ ব্যয় করে তাকে দলে আনা হয়েছে সেটাই সমস্যার মূলে রয়েছে বলে পিকের বিশ্বাস। বার্সেলোনা ডিফেন্ডার বলেন, ‘ফেলিপে ভালো একটা মৌসুমই পার করছে। তার দাম অবশ্যই কিছুটা বেশি ছিল আর এর ফলেই তার পারফর্মেন্সের মান সম্পর্কে উচ্চাশা তৈরি হয়েছে। ব্যাপারটা এমনই।’

পিকে জানান সমর্থকরা দুয়ো দিলেও দলের সতীর্থরা ঠিকই সমর্থন দিচ্ছেন তাকে। পিকের ভাষায়, ‘ভক্তদের প্রতিক্রিয়াকে মেনে নিতেই হবে আমাদের কেননা তারা আমাদের অনুসারী। তবে ভেতর থেকে তাকে সমর্থন দিয়ে যাচ্ছি আমরা।’

গেল মৌসুমের শেষার্ধে এসে বার্সেলোনাকে ঘরোয়া দুটি শিরোপা জেতাতে দারুণ ভূমিকা পালন করেছিলেন কোটিনহো। পিকে জানালেন এই মৌসুমের শিরোপা জয়েও কোটিনহোর ফর্ম বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, ‘মৌসুমের শেষ পর্যন্ত তার সেরা ফর্মে থাকাটা আমাদের জন্যে বেশ গুরুত্ব বহন করে। এবং আমি নিশ্চিত সে দারুণ ছন্দেই থাকবে।’

দিনের শুরুতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ লেগানেসের বিপক্ষে সাউল নিগেজের একমাত্র গোলে জয় পেয়ে কিছুক্ষণের জন্য বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান চারে নামিয়ে এনেছিল। পিকে জানান অ্যাটলেটিকোর ব্যাপারে সতর্কই আছে তার দল। তিনি বলেন, ‘গাণিতিকভাবে হিসেবের বাইরে চলে না গেলে কাউকেই ছুড়ে ফেলে দিতে পারি না। যে কেউ আপনাকে আঘাত দিতে পারে। অ্যাটলেটিকোর বিপক্ষে যে ব্যবধানটা আমরা ধরে রেখেছি তা বেশ ভালোই।’