ইংল্যান্ডের ছোট্ট শহর স্ট্র্যাটফোর্ড শেকসপিয়ারের জন্মস্থান। অ্যাভন নদীর তীরের এই ছোট্ট শহরেই বিশ্বের সবচেয়ে বিখ্যাত সাহিত্যিকের বেড়ে ওঠা। তাই প্রতি বছর হাজার হাজার সাহিত্যপ্রেমী তীর্থ দর্শনের মতো ছুটে যান এই শহরে। এবার সেখানে প্রত্নতাত্ত্বিকরা মাঠি খুঁড়ে আবিষ্কার করলেন শেকসপিয়ারের রান্নাঘর।
শেকসপিয়ার ১৫৯৭ সালে 'নিউ প্লেস' নামের বাড়িটি কিনেছিলেন। তখন এটিই ছিল ওই শহরের সবচেয়ে বড় বাড়ি। ২০টি ঘরের এই বাড়িতে ছিল একটি সুসজ্জিত বৈঠকখানা ও গ্যালারি। আর ঘর গরম রাখার জন্য ছিল ১০টি ফায়ারপ্লেস।
IMG0
স্ট্যাফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে চলে এই খনন কাজ। বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিকরা বাড়িটিতে মদ তৈরির করার জন্য ব্যবস্থা ছিল বলেও প্রমাণ পেয়েছেন। থালা বাসনের ভাঙা টুকরা, কাপ ও রান্নার বাসনকোসনও পাওয়া গিয়েছে সেখান থেকে। নিউ প্লেসে শেকসপিয়ার তার যৌবনের ১৯ বছর কাটিয়েছিলেন।
দ্য শেকসপিয়ার বার্থপ্লেস ট্রাস্ট জানিয়েছে, এই খননের ফলে তার সাহিত্যিক জীবনের পেছনে স্বামী, পিতা, ও পুত্র সত্তার বিভিন্ন দিক উঠে এসেছে। এর ফলে বাড়িটিতে নাট্যকারের থাকার সময় ঠিক কেমন ছিল সেটাও জানা যাবে বলে ট্রাস্ট জানিয়েছে। পাওয়া যাওয়া জিনিসপত্র থেকে বোঝা যায় শেকসপিয়ার উচ্চ সামাজিক মর্যাদাপূর্ণ জীবনযাপন করতেন। সূত্র: বিবিসি
