ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন)বলেছেন, ফরিদপুরে একঘর বিএনপিও থাকবে না। আজ যারা আওয়ামী লীগে যোগদান করলেন, তারা আওয়ামী লীগেই ছিলেন। একশ্রেণীর হাইব্রিড নেতার কারণে ২০০১ সালে তারা বিএনপিতে যোগ দিয়েছিল। ঘরের ছেলেরা ঘরে ফিরে এসেছে। এতে আমরা আনন্দিত।
শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর শাখার সিনিয়র সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করে এম এম শাহরিয়ার রুমীর আওয়ামী লীগে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রুমী ছাড়াও ভাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন, পৌর বিএনপির সভাপতি আবু জাফর মুন্সী, সহ-সভাপতি জাহাঙ্গীর মাতুব্বরও নিক্সন চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
বিএনপিতে যোগ দেয়ার সিদ্ধান্ত ভুল ছিল উল্লেখ করে রুমী বলেন, ভাঙ্গার লোকজনের জীবন বাঁচাতে বিএনপিতে যোগ দিয়েছিলাম। তিনি দাবি করেন, উপজেলা বিএনপির সহস্রাধিক নেতা-কর্মীও তার সাথে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক ও ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান সাহাদাৎ হোসেন। এরপর নেতারা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানান।
