স্পোর্টস রিপোর্টার
উপ-মহাদেশের দলগুলোর জন্য নিউজিল্যান্ড সফর সবসময় কঠিন পরীক্ষা। এমনকি এশিয়ার বাইরের দলগুলোর জন্যও নিউজিল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নেওয়া সহজ নয়। নিউজিল্যান্ডে সফরকারী দলগুলোর সামনে সবচেয়ে বড় সমস্যা হয় নতুন বল সামলানো; কিন্তু সেই চ্যালেঞ্জ এবার বাংলাদেশ পাড়ি দিয়েছে ভালোভাবেই। তামিম ইকবাল-সাদমান ইসলামের ব্যাটিং দৃঢ়তায় টেস্টের টানা তিন ইনিংসে ওপেনিংয়ে অর্ধশত রানের জুটি গড়েছে বাংলাদেশ।
তাতেই তারা গড়েছেন নতুন কীর্তি। নিউজিল্যান্ডে সফরকারী দলগুলো ওপেনিং জুটিতে এর আগে মাত্র একবার টানা তিন ইনিংসে অর্ধশত রানের যুগলবন্দি গড়েছিল। হ্যামিল্টন টেস্টে ৫৭ ও ৮৮ রানের পর গতকাল ওয়েলিংটনেও ওপেনিংয়ে ৭৫ রানের জুটি গড়েছিলেন তামিম-সাদমান।
নিউজিল্যান্ডে প্রথমবার এই কীর্তি গড়েছিল দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের বিরুদ্ধে ১৯৯৯ সালে গ্যারি কারস্টেন ও হার্শেল গিবস টানা তিন ইনিংসে ৭৬, ১২৭ ও ৭৩ রানের জুটি গড়েছিলেন ওপেনিংয়ে।
টেস্টে বাংলাদেশের ওপেনাররা এর আগে দুইবার টানা তিন ইনিংসে অর্ধশত রানের জুটি গড়তে পেরেছিলেন। দুইবারই দেশের বাইরে হয়েছে এবং একপ্রান্তে ছিলেন তামিম। প্রথমবার ২০১০ সালের ইংল্যান্ড সফরে তামিম ও ইমরুল কায়েস ওপেনিংয়ে লর্ডসে ৮৮, ১৮৫ রান ও ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের প্রথম ইনিংসে ১২৬ রান করেছিলেন।
এরপর ২০১৭ সালে তামিম ও সৌম্য সরকার গল টেস্টে ১১৮ ও ৬৭ রানের জুটি গড়েছিলেন। পি সারা ওভালে ঠিক পরের টেস্টের প্রথম ইনিংসেও তারা ওপেনিং জুটিতে ৯৫ রান করেছিলেন।
