পূর্বপশ্চিমবিডিডটকম নিউজ পোর্টাল উদ্বোধন

আপডেট : ২৯ নভেম্বর ২০১৫, ০১:১৫

কবিতা, কথা ও গানের আনন্দ-আড্ডায় উন্মোচিত হলো নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডিডটকম। বিখ্যাত সাহিত্যিক-লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে ঘিরে মঙ্গলবার গুলশানের অল কমিউনিটি ক্লাবে আনন্দ-আড্ডায় শুভ উদ্বোধন হয় পোর্টালটির। রাত ১০টায় বরেণ্য অতিথিগণ ও পূর্বপশ্চিম পরিবারকে নিয়ে পোর্টালের ফার্স্ট লুক এবং লোগো উন্মোচন করেন প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, জ্যেষ্ঠ সাংবাদিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, সাংবাদিক সালেহ চৌধুরী, পূর্বপশ্চিমবিডির প্রধান সম্পাদক পীর হাবিবুর রহমান।

 
প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, আমাদের এখন সামপ্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সত্ ও নির্ভীক সাংবাদিকতার প্রয়োজন। সেখানে নতুন এ নিউজ পোর্টালটি এই আকাঙ্ক্ষা পূরণ করবে বলে আমি বিশ্বাস করি। বিচার বুদ্ধি বিবেকের ওপর দাঁড়িয়ে আমরা এ যুদ্ধে জয়ী হবই।
 
জুনাইদ আহমদ পলক বলেন, বাংলাদেশ তথ্য-প্রযুক্তিতে সারাবিশ্বে নিজেদের স্বাক্ষর রেখেছে। পূর্বপশ্চিমবিডিডটকম এই সাফল্যকে আরও এগিয়ে নেবে। প্রাধান্য পাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষ।
 
অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও সৌমিত্র চট্টোপাধ্যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, সভ্য ও সুন্দর রাষ্ট্রের জন্য প্রয়োজন বাক্-স্বাধীনতা। কিন্তু সবার জন্য বাক্-স্বাধীনতা নয়। গভীর বোধ ও বিবেক সম্পন্ন মানুষের জন্যই বাক্-স্বাধীনতা। তবেই কেবল মানুষের ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব।
 
অনলাইন নিউজ পোর্টালের প্রয়োজনীয়তা তুলে ধরে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, মুদ্রিত কাগজ বের করতে হলে বৃক্ষ নিধন করতে হয়, প্রতিদিনেই হচ্ছে। এটি পরিবেশের জন্য হুমকি। সেখানে অনলাইন পরিবেশবান্ধব ও এই সময়ের অন্যতম চাহিদা। সময় এসেছে অনলাইন সংবাদপত্রের।
 
পোর্টালের সম্পাদক পীর হাবিবুর রহমান বলেন, আমার মনে হয় এই পোর্টাল থেকে একদিন পশ্চিমবঙ্গও স্ফুলিঙ্গ খুঁজে পাবে। আলোর পথ দেখবে বাংলাভাষাভাষী সব মানুষ।
 
আড্ডায় উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সায়ীদ, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, ঢাকা (উত্তর) এর মেয়র আনিসুল হক। এসেছিলেন সাংবাদিক নাঈমুল ইসলাম খান, মনজুরুল আহসান বুলবুল, সৈয়দ ইশতিয়াক রেজা, জলিল ভুঁইয়া, মনজুরুল ইসলাম, নঈম নিজাম, প্রণব সাহাসহ অনেক বিশিষ্টজন। শিল্পপতি ও ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি সি এম তোফায়েলে সামি, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক শাকিল রিজভি, এসিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম , লায়লা হাসান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া। রাত ১০টায় লোগো উন্মোচনের পর শুরু হয় গান। হাসন রাজা ও রাধারমনের গান পরিবেশন করেন সেলিম চৌধুরী ও তুলিকা ঘোষ চৌধুরী। অনুষ্ঠানে পূর্বপশ্চিম ক্রিয়েটিভস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সারওয়ার রহমান প্রিন্স ও পোর্টালটির নির্বাহী সম্পাদক দীপু হাসান, পোর্টালের উপদেষ্টা প্রখ্যাত সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী,  ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক ও কলামিস্ট খুজিস্তা নূর ই নাহারীন মুন্নী উপস্থিত ছিলেন।
 
সাংবাদিকতার দীর্ঘ পথ হাঁটা পীর হাবিবুর রহমানের নেতৃত্বে একদল অভিজ্ঞ ও তরুণ সংবাদকর্মী নিয়ে নিউজ পোর্টাল ‘পূর্বপশ্চিমবিডিডটকম’ ১ ডিসেম্বর পাঠকদের জন্য উন্মোচন হচ্ছে। পোর্টালের ওয়েব ঠিকানা www.purboposhchimbd.com