স্পোর্টস রিপোর্টার
‘পাঁচ দিন ধরে টেস্ট ক্রিকেট দেখার সময় এখন আর মানুষের নেই। টেস্ট ক্রিকেট এখন শেষ হয়ে যাবার পথে।’ কদিন আগেই এমন এক মন্তব্য করেছিলেন স্বয়ং আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর। তবে, তার এই বক্তব্যের সাথে একেবারেই একমত নয় মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)। তারা রীতিমত তথ্য-উপাত্তের মাধ্যমকে প্রমাণ করে দিয়েছে যে, এখনো টেস্টই জনপ্রিয়তার শীর্ষে
এমসিসি ১০০টি দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে একট স্বাধীন জরিপ চালায়। সেই জরিপে অংশ নেওয়া শতকরা ৮৬ ভাগ ওয়ানডে বা টি-টোয়েন্টির আগে রেখেছেন টেস্ট ক্রিকেটকেই। এর মধ্যদিয়েই প্রমাণিত হচ্ছে যে, ক্রিকেটের সবচেয়ে পুরনো ফরম্যাটটির গৌরব আজো এক বিন্দুও ম্লান হয়নি। ভারতের ব্যাঙ্গালুরুতে শনিবার রাতে এমসিসি বিশ্ব ক্রিকেট কমিটির বাষিয়ক সভা শেষে এই তথ্য জানানো হয়। এই জরিপে অংশ নেন মোট ১৩০০ জন ক্রিকেট ভক্ত। আর এর বড় একটা অংশ হলো ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বাসিন্দা। এমসিসি মনে করছে, সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেট আগের চেয়ে বেশি জনপ্রিয় হয়েছে।
এই জনপ্রিয়তা বাড়ার পেছনে আছে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি। গেল বছর থেকে শুরু করে বেশ কয়েকটা দেশ ভিন দেশের মাটিতে বড় ধরনের কয়েকটা টেস্ট সিরিজ জিতে চলেছে। এর মধ্যে নিউজিল্যান্ড সংযুক্ত আরব আমিরাতে গিয়ে হারিয়েছে পাকিস্তানকে, শ্রীলঙ্কার মাটিতে জিতেছে ইংল্যান্ড, ভারত ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতেছে অস্ট্রেলিয়ার মাটিতে, দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে হোয়াইওয়াশের আনন্দে ভেসেছে শ্রীলঙ্কা।
এমসিসি একটি বিবৃতিতে জানিয়েছে, ‘জরিপে দেখা গেছে অন্য যে কোনো ফরম্যাটের চেয়ে টেস্টের প্রতি আকর্ষণই সবচেয়ে বেশি দর্শক-সমর্থকদের। আকর্ষণ কোনো নির্দিষ্ট দল বা কোনো বিশেষ বয়স সীমার মধ্যে সীমাবদ্ধ নয়।’
এই জরিপে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা অক্ষুণ্ন থাকলেও একটি দাবী উঠেছে দর্শকমহলের পক্ষ থেকে। জরিপে অংশ নেওয়া বড় একটা পক্ষ মনে করছে, টেস্ট ম্যাচের টিকেটের দাম কমানো গেলে এর জনপ্রিয়তা আরো বাড়বে।
এমসিসি জানিয়েছে, ক্রিকেট ভক্তদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘টেস্ট ক্রিকেটে ম্যাচের টিকেটের দাম কমানো উচিত। টিকেট যাতে সহজে দর্শকদের কাছে পৌঁছায় সেটিও খেয়াল রাখতে হবে। টিকেটের দাম সবার আয়ত্তের মধ্যে থাকলে এই ফরম্যাটটি আরো জনপ্রিয় হতে পারবে।’
প্রথমবারের মতো এই বৈঠকে যোগ দিয়ে শেন ওয়ার্ন বলেন, ‘প্রত্যেকটা দেশেই টেস্ট ক্রিকেটকে বেশি গুরুত্ব দেখা হয়। তবে, জরিপের ফলাফল দেখে আমি বিস্মিত। আমি ভাবতাম দর্শকরা হয়তো আর আগের মতো টেস্টকে ভালোবাসে না।’
