রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জসিম উদ্দিন (৪০) নামের এক কাভার্ড ভ্যানচালক গুলিবিদ্ধ হয়েছেন। এ অভিযান ঘিরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন অফিসের ভেতর অবরুদ্ধ হয়ে পড়েছেন। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত জসিমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উচ্ছেদ অভিযানের এক পর্যায়ে স্থানীয় লোকজন উচ্ছেদকারীদের ওপর ইট পাটকেল ছুঁড়তে শুরু করে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেয়রকে নিরাপত্তা দিতে ও আত্মরক্ষার্থে রাবার বুলেট ছুড়েছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। রাবার বুলেটে এক কাভার্ডভ্যান চালক আহত হন।
বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন অফিসের ভেতর আলোচনার জন্য যান মেয়র আনিসুল হক। গেটের বাইরে স্থানীয় লোকজন মিলে বিক্ষোভ করছেন। ফলে মেয়র অবরুদ্ধ হয়ে পড়েছেন। বাইরে মেয়রের প্রটোকলের গাড়ি ভাংচুর করা হয়েছে। এ মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
