'সামাজিক ব্যবসার শক্তি' বইয়ের মোড়ক উন্মোচনে ইউনূস

আপডেট : ২৯ নভেম্বর ২০১৫, ১৮:০৮
 
এমএফএম আমীর খসরুর লেখা 'সামাজিক ব্যবসার শক্তি' নামে সামাজিক ব্যবসা বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন করলেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। রবিবার ইউনূস সেন্টারে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি।
 
বইটির লেখক এমএফএম আমীর খসরু বর্তমানে ইউনূস সেন্টারে মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। বইটির প্রকাশক অনন্যা প্রকাশনীর মনিরুল হক।
 
এমএফএম আমীর খসরু দীর্ঘদিন প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিবিড় ভাবে কাজ করেছেন এবং বিভিন্ন সামাজিক ব্যবসার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। বইটিতে সামাজিক ব্যবসার বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে যেমন- সামাজিক ব্যবসা ও তার বিশ্লেষণ, গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসা, নবীন উদ্যোক্তা, সামাজিক ব্যবসার ফান্ড, বিশ্ব অর্থনীতিতে সামাজিক ব্যবসার প্রভাব, স্যোশাল বিজনেস ডিজাইন ল্যাব এবং সামাজিক ব্যবসার বিবিধ কার্যক্রম।
 
ইউনুস সেন্টার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, এই বইটি সামাজিক ব্যবসায় আগ্রহী ব্যক্তিবর্গের জন্য একটি উপকারী পুস্তক হিসেবে বিবেচিত হবে। সেই সঙ্গে সামাজিক ব্যবসার ছাত্র, শিক্ষক ও গবেষকদের জন্য বিশেষভাবে উপযোগী হবে।
 
উল্লেখ্য, অনন্যা প্রকাশনীর কার্যালয়ের পাশাপাশি বইটি ঢাকার সকল উল্লেখযোগ্য বইয়ের দোকানে পাওয়া যাবে।