“ইন্টারনেট শাটডাউন করা ছাড়া ফেসবুক শতভাগ বন্ধ রাখা সম্ভব না। পৃথিবীর কোনো দেশে, এমনকি যেখানে ফেসবুকের অ্যাডমিন আছে, সেখানেও হান্ড্রেড পার্সেন্ট (শতভাগ) বন্ধ করা সম্ভব নয়।” গতকাল রবিবার সচিবালয়ে এক অনির্ধারিত ব্রিফিংয়ে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা বলেছেন। এদিকে ফেসবুকের সঙ্গে চুক্তি করার জন্য গতকাল চিঠি পাঠানোর কথা থাকলেও সেটি পাঠানো হয়নি। ড্রাফটে শেষ মুহূর্তে কিছু ত্রুটি ধরা পড়ায় নতুন ড্রাফট তৈরি করেছে মন্ত্রণালয়। চিঠিটি আজ সোমবার পাঠানো হবে বলে জানা গেছে।
বিকল্প পথে দীর্ঘদিন ফেসবুক ব্যবহার করা যাবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ব্যান্ডউইথ ক্যাপাসিটি কম হলে এটি ব্যবহার করতে পারবেন না। নাশকতাকারীরা ব্যবহার করলেও দ্রুত ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারছেন না বলে দাবি করেন প্রতিমন্ত্রী। কবে নাগাদ ফেসবুক খুলে দেয়া হবে— এমন প্রশ্নে তারানা হালিম বলেন, “এই কথাগুলো আমাকে আহত করে। এখানে আমাদের সিদ্ধান্ত নেয়ার কিছু নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন মনে করবে নিরাপদ, তখন খুলে দেয়া হবে। যখন আইন-শৃঙ্খলা বাহিনী মনে করবে, তখনই খুলে দেয়া হবে।”
