রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদের ‘এ’ ইউনিটের মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসা আব্দুল কাদের নামে এক শিক্ষার্থীকে শিবির সন্দেহে আটকের পর পুলিশে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে কাদেরকে আটকের পর মতিহার থানা পুলিশে সোপর্দ করা হয়। কাদের ‘এ’ ইউনিটের জোড় রোল নম্বরের মেধাতালিকায় ১২২২তম। তার বাসা খুলনার কয়রা থানার ভাণ্ডারপুলে।
জানা গেছে, আব্দুল কাদের মৌখিক পরীক্ষা শেষ করে শহীদুল্লাহ কলা ভবনের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা শিবির সন্দেহে কাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। পরে শিবির সংশ্লিষ্টতার অভিযোগে তাকে পুলিশের হাতে তুলে দেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীকে শিবির সন্দেহে আটক করা হয়েছে। শিবির সংশ্লিষ্টতার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদসহ ভাণ্ডারপুল থানার মাধ্যমে খোঁজ নেয়া হচ্ছে।
