টঙ্গীতে আইইউবিএটি ঘেরাও, গাড়ি ভাঙচুর

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১৯:২১
 
শিক্ষার্থীদের ধর্মীয় পোশাক নিষিদ্ধ করার প্রতিবাদে সোমবার টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান সংলগ্ন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগরিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ঘেরাও, বিক্ষোভ সমাবেশ ও বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাঙচুর করেছে মুসল্লিরা।
 
বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মুসল্লিরা বিশ্ববিদ্যালয়টি অবরুদ্ধ করে রাখে। এ সময় প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রী আটকা পড়ে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে বের হতে গেলে মুসল্লিরা তাদের ওপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অর্ধশতাধিক রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে।
 
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ভিসি আলিমুল্লাহ মিয়ান দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ধর্মীয় পোশাক পরতে নিষেধ করেছেন। এর মধ্যে ধর্মীয় পোশাকে কয়েকজন শিক্ষার্থী পরীক্ষা দিতে আসলে তাদের পরীক্ষা দিতে দেয়া হয়নি।
 
এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবে খোদা বলেন, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
 
প্রসঙ্গত, আইইউবিএটির ভিসি আলিমুল্লাহ মিয়ান ছাত্র-ছাত্রীদের ধর্মীয় পোশাকে ভার্সিটিতে প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ দিলে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ভিসির এই সিদ্ধান্তের প্রতিবাদে এর আগে ক্যাম্পাসের সামনে টঙ্গী-আশুলিয়া সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।