মনোহরগঞ্জে পুকুরের পেটে হাটিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ!

আপডেট : ১০ মার্চ ২০১৯, ২১:২২

মনোহরগঞ্জে পুকুরের পেটে ঢুকেছে হাটিরপাড় সরকারি বিদ্যালয়ের মাঠ। এতে ওই বিদ্যালয়ের আড়াই শতাধিক কচি শিশু বঞ্চিত হচ্ছে খেলাধুলা, বিনোদনসহ নানান শিক্ষা কার্যক্রম থেকে।

সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় মাঠটির বেহাল দশা। উপজেলা সদরে নিকটবর্তী হাটিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থাকা পুকুরগর্ভে বিলীন হতে চলেছে বিদ্যালয়ের মাঠ। প্রায় অর্ধেকাংশ পুকুর গিলে ফেলায় মাঠ সংকটে পড়েছে বিদ্যালয়টি। বিদ্যালয়টির সামনে পুকুরপাড় সংলগ্ন একটি গ্রাম্য রাস্তাও পুকুরে তলিয়ে যাওয়ায় ওই গ্রামের সহস্রাধিক বাসিন্দা বিদ্যালয় মাঠ দিয়ে চলাচল করে। এতে শিক্ষার্থীদের অভ্যন্তরীণ চলাচলেও বিঘ্ন ঘটে। জায়গা স্বল্পতার কারণে আড়াই শতাধিক শিক্ষার্থীর ঠাঁই হয় না মাঠে, দুপুরে বিরতির সময় কাটে শ্রেণিকক্ষে। স্থানীয় বাসিন্দা হাজী এনায়েত হোসেন জানান, প্রতি বছর ভেঙে বিদ্যালয় মাঠের অধিকাংশ জায়গা এখন জলাশয়ে পরিণত হয়েছে। স্কুলের সামনে দিয়ে চলমান একমাত্র গ্রামীণ সড়কটিও পুকুরে পর্যবসিত হওয়ায় জনদুর্ভোগও বেড়েছে।

তিনি জানান, জরুরি পদক্ষেপ না নিলে অস্তিত্ব সংকটে পড়তে পারে বিদ্যালয় মাঠটি। বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ তৈরি, শিশুদের খেলাধুলা ও বিনোদন উপযোগী করে তুলতে মাঠ ভরাটের দাবি জানান এলাকাবাসী। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম জানান, মাঠ সংকটে বাচ্চাদের সমাবেশ, জাতীয় সংগীত ও খেলাধুলায় চরম বিঘ্ন ঘটছে। তাছাড়া মাঠের উপর দিয়ে যানবাহন চলাচল করায় বিদ্যালয়ে সকল কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ঝুঁকি নিয়ে চলাফেরা করছে শিশুরা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামাল হোসেন জানান, বিদ্যালয় মাঠের প্রায় দশ শতাংশ জায়গা ভেঙে পুকুরে পরিণত হয়েছে। বিদ্যালয়ের মাঠ রক্ষায় গার্ড ওয়াল নির্মাণ ও মাটি ভরাট এবং জনদুর্ভোগ লাগবে গ্রামীণ সড়কটি মেরামত করার কথা জানান তিনি।