কোরিয়ান সিবিটি সেন্টারের সম্প্রসারণ

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৫, ১৬:৫২
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ায় চাকরি প্রার্থীদের ভাষা দক্ষতা যাচাইয়ের জন্য নির্মিত কম্পিউটার বেইসড টেস্ট সেন্টারের আকৃতি সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হয়েছে। এখন থেকে এখানে প্রতিদিন ১৬০ জন চাকরি প্রার্থী পরীক্ষা দিতে পারবে।
 
এর আগে মাত্র ৬০ জন সিবিটিতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতো।
 
এইচআরডি কোরিয়া-র বাংলাদেশ প্রতিনিধি মি.লি মিন হোয়া জানিয়েছেন, এইচআরডি কোরিয়া এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস) এর আওতায় কোরিয়ায় চাকরি প্রার্থীদের কোরিয়ান ভাষা দক্ষতা যাচাইয়ের নিমিত্তে নির্মিত কম্পিউটার বেইসড টেস্ট সেন্টার (সিবিটি সেন্টার)এর আকৃতি সম্প্রসারণ ও সুবিধা সমূহ আরো আধুনিকায়ন করেছে। এর ফলে আরো বেশি বাংলাদেশী চাকরি প্রার্থী কোরিয়ান ভাষা পরীক্ষা দেয়ার সুযোগ পাবে। 
 
সংস্কার ও আধুনিকায়নের পরে সিবিটি সেন্টারে আজ মঙ্গলবার থেকে পরীক্ষা নেয়া আরম্ভ হয়েছে, এবং এই দিন কোরিয়ার রাষ্ট্রদূত সং-দু আন সিবিটি সেন্টার পরিদর্শন করে পরীক্ষার্থীদের উৎসাহ দিয়েছেন।
 
বাংলাদেশ ও কোরিয়া ২০০৭সালে জি টু জি পদ্ধতিতে শ্রমিক নিয়োগের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করে। ইপিএস এর আওতায় ২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত মোট ১১,৮০৩ জন বাংলাদেশী কর্মী দক্ষিণ কোরিয়ায় কোরিয়ায় প্রবেশ করেছে, এবং চলতি বছরে নভেম্বর পর্যন্ত ১,৫৫২ জন গেছে। ন্যুনতম মাইগ্রেশন খরচ ও দালালের সংশ্লিষ্টতা বিহীন স্বচ্ছ মাইগ্রেশন প্রক্রিয়ার জন্য ইপিএস ইতোমধ্যে খুবই প্রশংসিত হয়েছে।
 
দক্ষিণ কোরিয়ার রাষ্টদূত সং-দূ আন আশা করেন সিবিটি সেন্টার পরিবর্ধনের মাধ্যমে আরো বেশী বাংলাদেশী কর্মী কোরিয়ায় যাওয়ার সুযোগ হবে, এবং এর মাধ্যমে উভয় দেশের বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় ও ঘনিষ্ঠ হবে।