নোয়াখালীতে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

আপডেট : ১০ মার্চ ২০১৯, ২১:৩০

নোয়াখালী প্রতিনিধি

জেলার সদর উপজেলার ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ২ হাজার ৫শ’ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে নতুন স্কুল ড্রেস বিতরণ  করা হয়েছে। রবিবার উপজেলার নেয়াজপুর, বদরীপুর ও মাইজদী গার্লস একাডেমি এবং শনিবার মহতাপুর, জগতপুর, গুপিনাতপুর, চরশুল্লকিয়, নেয়াজেরডগি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে স্কুল ড্রেস বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন শেখ, অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন বাবলুসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহিন জানান, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করে তুলতে এবং ঝরে পড়ার হার কমিয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে ২০১৪ সাল থেকে ব্যক্তিগত উদ্যোগে তিনি এই কার্যক্রম চালু করেন। এ কার্যক্রমের আওতায় গত ছয় বছর ধরে তিনি উপজেলার ৯২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ হাজার ছাত্র-ছাত্রীর মাঝে বিনামূল্যে নতুন স্কুল ড্রেস বিতরণ করেছেন। প্রতি বছর পর্যায়ক্রমে ১০টি বিদ্যালয়ের আড়াই হাজার শিক্ষার্থীর মাঝে নতুন ড্রেস বিতরণ করা হবে বলে তিনি জানান।