ভোলায় তিন দফা দাবিতে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ১০ মার্চ ২০১৯, ২১:৩২

ভোলা প্রতিনিধি

নার্সিং শিক্ষা ধ্বংসের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা ধ্বংসের ষড়যন্ত্র রুখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভোলা নার্সিং ইনস্টিটিউটের কয়েক শতাধিক শিক্ষার্থী।

বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ভোলা জেলা শাখার আয়োজনে রবিবার সদর হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। পরে ভোলা সদর হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ভোলা জেলা শাখার সভাপতি সোনিয়া সরকার, সাধারণ সম্পাদক রেমিন আক্তার, মাহামুদা আক্তার প্রমুখ। বক্তারা বলেন, তারা উচ্চ মাধ্যমিক পাস করে তিন বছর মেয়াদি কোর্স করেন। আবার দুই বছর ইন্টার্ন করেন। আর কারিগরিরা ছয় মাসের কোর্সে নার্স হবে, এটা কি কোনো নিয়ম হলো? এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন শিক্ষার্থীরা।