খুলনা অফিস
খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ, মজুরি কমিশন কার্যকর ও প্রতি সপ্তাহের মজুরি প্রতি সপ্তাহে প্রদানসহ ৯ দফা দাবিতে গতকাল রবিবার নগরীর খালিশপুর-নতুন রাস্তায় লাল পতাকা হাতে প্রায় ৫০ হাজার শ্রমিক বিক্ষোভ মিছিল করে। এর আগে পাটকল শ্রমিকরা অবিলম্বে ৯ দফা বাস্তবায়নের দাবি জানান।
এ সময় বক্তারা বলেন, আমাদের এসব দাবি শ্রম অধিদপ্তর মহাপরিচালকসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে পাঠানো হয়েছে; কিন্তু আমাদের দাবিগুলো এখনো বাস্তবায়ন না হওয়ায় আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।
বক্তৃতা করেন পাটকল শ্রমিকলীগের কেন্দ্রীয় সভাপতি সরদার মোতাহার উদ্দীন, শ্রমিকলীগ নেতা মুরাদ হোসেন, হেমায়েত উদ্দীন আজাদী, খলিলুর রহমানসহ সিবিএ-নন সিবিএ নেতারা।
এর আগে পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি ও বেতন পরিশোধ, মজুরি কমিশন কার্যকর ও প্রতি সপ্তাহের মজুরি প্রতি সপ্তাহে প্রদানসহ ৯ দফা দাবিতে ৭ দিনের কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ পাটকল শ্রমিকলীগ।
চট্টগ্রাম অফিস জানান :জাতীয় মজুরী কমিশন-২০১৫সহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে গতকাল রবিবার লাল পতাকা মিছিল ও সমাবেশ করে আমিন জুট মিলের শ্রমিকরা। সকালে মিল থেকে মিছিল বের হয়ে মুরাদপুর হাটহাজারী সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সমাবেশ থেকে আগামীকাল মঙ্গলবার কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ২৪ ঘন্টা ধর্মঘট পালনের আহ্বান জানান নেতারা। সমাবেশে বক্তব্য রাখেন আমিন জুট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মোস্তফা, নন-সিবিএ সভাপতি মো.ইসলাম, সাধারণ সম্পাদক শামসুল আলম, কামাল উদ্দিন ও তানিয়া সুজেন প্রমূখ।
পলাশ (নরসিংদী) সংবাদদাতা জানান, নয় দফা দাবিতে পলাশ শিল্প এলাকায় ঘোড়াশালস্থ বাংলাদেশ জুটমিলের শ্রমিকরা রবিবার লাল পতাকা বিক্ষোভ মিছিল করে মিলের উত্পাদন বন্ধ রেখে প্রায় তিন হাজার শ্রমিক ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মিলের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করে।
বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মিলের সিবিএ সভাপতি ইউসুফ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন-সিবিএ সম্মিলিত পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ জুটমিলের সিবিএ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সিবিএ সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি সাহেব আলী প্রমুখ।
