ক্ষমতা হস্তান্তর নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় সু চি

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৫, ১৬:০৬
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ক্ষমতা হস্তান্তর নিয়ে দেশের সেনা সমর্থিত প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছেন। বুধবার অনুষ্ঠিত এ আলোচনা ছিল আন্তরিক ও খোলামেলা।
 
নির্বাচনে তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির ব্যাপক জয়লাভের প্রায় এক মাস পর উভয়ের মাঝে এ আলোচনা হলো। আলোচনা প্রায় এক ঘণ্টা ধরে চলে।
 
এতে উপস্থিত থাকা তথ্যমন্ত্রী ই হুত সাংবাদিকদের বলেন, তারা পরবর্তী সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয় নিয়ে আলোচনা করেন। এ আলোচনা আন্তরিক ও খোলামেলা ছিল।
 
তিনি আরো বলেন, ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর থেকে নবনির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কোন রেওয়াজ আমাদের ছিল না। কিন্তু আমরা এবার তা করবো। আমরা ব্যর্থ হবো না।
 
সু চির দল গত ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ৮০ শতাংশ আসনে জয়লাভ করে। এ নির্বাচনের মধ্যদিয়ে মায়ানমারে কয়েক দশক ধরে চলা সামরিক বাহিনীর আধিপত্যের অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
 
তবে সামরিক বাহিনী সম্পর্কে আগের তিক্ত অভিজ্ঞতার কারণে বিরোধী দলের মনে এখনো শঙ্কা কাজ করছে। কমপক্ষে জানুয়ারি মাস শেষ না হওয়া পর্যন্ত এনএলডি-র নবনির্বাচিত আইনপ্রনেতারা তাদের আসনের দায়িত্ব নিতে না পারার কারণে এক্ষেত্রে তাদের মধ্যে এক ধরণের সংশয় রয়েই গেছে।
 
১৯৯০ সালে নির্বাচনে সু চির এনএলডি দল একইভাবে জয় পেলেও সামরিক সরকার তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করেনি। সু চি তার বিজয়ের পর ‘জাতীয় ঐক্যের’ জন্য প্রেসিডেন্ট থেইন সেইন ও ক্ষমতাধর সেনা প্রধানের সঙ্গে আলোচনার আহ্বান জানান।
 
এ প্রেক্ষিতে বুধবার নাইপিদোতে এ আলোচনা শুরু হয়। এদিকে সু চির বুধবার রাতে সেনা প্রধান মিন অং হাইংয়ের সঙ্গেও পৃথকভাবে আলোচনায় বসার কথা রয়েছে। এএফপি।