জীবনের সঙ্গে লড়ছেন দুরারোগ্য রোগে আক্রান্ত শাবির মেধাবী শিক্ষার্থী সৈয়দ আরিফ

আপডেট : ১০ মার্চ ২০১৯, ২১:৩৪

সিলেট অফিস

দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে জীবনের সঙ্গে লড়ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সৈয়দ আরিফ সাদিক প্রান্ত। বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রান্ত জিবিএস (Guillain barre syndrome) নামক ভয়াবহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন আছে। তাকে বাঁচানোর জন্য আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রান্তর বন্ধুরা।  গিয়েন বারে সিনড্রোম বা ল্যান্ড্রির প্যারালাইসিস, প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে আক্রমণকারী অ্যাকিউট বা তীব্র পলিনিউরোপ্যাথি রোগ যার ফলে হাত-পা খুব দ্রুত দুর্বল হয়ে পড়ে। কোনো সংক্রমণ বা ইনফেকশনের পর এই রোগের প্রাদুর্ভাব বেশি হয়। রোগ খুব তীব্র হলে প্রাণঘাতী হতে পারে।

বন্ধুরা জানান, প্রান্তর প্রতিদিনের ওষুধের খরচ ২ লাখ ৪০ হাজার টাকা। আইসিইউ এবং চিকিত্সার অন্যান্য খরচসহ প্রতিদিন প্রায় সাড়ে তিন লাখ টাকা প্রয়োজন হয়। যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না।  প্রান্তর জন্য আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা; বিকাশ- ০১৬৭২৫৩১৫৯, ০১৭৪৭১৩০৮৫৩, ০১৬৮৬৭৯৭৫৪৫, ০১৭৬৫৫৬৪৭৮৬, রকেট একাউন্ট-মাহমুদ ০১৫২১৪০৭৯৩৯০, সাবাব ০১৭৭৭৪৪৪৮৮৮০।