শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। একই সঙ্গে আমাদের নতুন প্রজন্মকে উন্নত নৈতিক চরিত্র ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে চাই । সে লক্ষ্যে মানসম্পন্ন উচ্চ শিক্ষার উন্নয়নে আমরা চেষ্টা করছি।
বুধবার গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) অঙ্গ প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ২৯তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ইমতিয়াজ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা সচিব এসএ মাহমুদ ও ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আহসান হাবিব।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ৮৫টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং আইইউটিসহ ২টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এ সবের মধ্যে ওআইসি পরিচালিত আইইউটি সর্বোচ্চ র্যাংকের একটি বিশ্ববিদ্যালয়। ওআইসির সদস্য দেশগুলোর শিক্ষার্থীদের মানবসম্পদে পরিণত করতে এটি কাজ করে যাচ্ছে ।
