নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে দুর্গাপুরে মেয়রসহ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীর কারাদণ্ড

আপডেট : ১০ মার্চ ২০১৯, ২১:৩৫

স্টাফ রিপোর্টার, রাজশাহী

উপজেলা পরিষদ নির্বাচনে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহীর দুর্গাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনসহ ১১ নেতাকর্মীকে পাঁঁচদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুর্গাপুর পৌর ভবন থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ। রবিবার এ উপজেলা পরিষদে ভোট গ্রহণ হয়।

দুর্গাপুর থানার ওসি আব্দুল মোতালেব বলেন, শুক্রবার মধ্যরাত থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ রয়েছে। কিন্তু স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ সরদারের সমর্থকরা বিধি ভঙ্গ করে বৈঠকে মিলিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিলো। এ অপরাধে তাদের ১১ জনকে পৌরভবন থেকে আটক করা হয়েছে। এ সময় মেয়র তোফাজ্জল হোসেনের কাছে তার লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। অথচ নির্বাচন উপলক্ষে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়ার কথা ছিল। তাদের আটকের সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার হামিদ ও জর্জ মিত্র চাকমা উপস্থিত ছিলেন। রায়ের পরপরই আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সরদার দাবি করেন, দুর্গাপুর পৌর কার্যালয়ে ঘরোয়াভাবে বৈঠক করছিলেন মেয়রসহ তার কিছু সমর্থক। কিন্তু প্রশাসন কোনো কারণ ছাড়াই তাদের আটক করে দণ্ড দিয়েছে।