‘বাংলাদেশের গণতন্ত্র ১৯৯১ থেকে ২০০৬’ শীর্ষক বইটিতে সেই সময়কার সংবিধান সংশোধন ও আইনের সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে। ব্যারিস্টার মওদুদ অত্যন্ত গভীরভাবে রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রশাসনের রাজনীতিকরনের বিষয়গুলো বিশেষভাবে তুলে ধরেছেন। এছাড়া বিচার ব্যবস্থার বিভিন্ন পরিবর্তন তার তীক্ষনজর এড়ায়নি। গণতন্ত্রের অপমৃত্যু শিরোনামে ২০০৬ সালের অন্তবর্তিকালীন সরকার সম্পর্কে বইয়ে একটি অধ্যায় রয়েছে। তাতে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নানান তত্পরতার সুক্ষ বিশ্লেষণ রয়েছে। এছাড়া আব্দুল মান্নান ভূইয়া ও আব্দুল জলিলের সংলাপ এবং বিচারপতি কেএম হাসানের বিদায় নিয়ে রয়েছে অজানা তথ্য। এটি ব্যারিস্টার মওদুদের রচিত ৬ষ্ঠ বই। এর আগে ২০১২ সালে ‘বাংলাদেশ: এ স্টাডি অব দ্যা ডেমোক্রেটিক রেজিম’ নামে ইংরেজীতে এটি প্রকাশিত হয়েছিলো। এখন এর বাংলা অনুবাদ হয়েছে। বিশিষ্ট সাংবাদিক জগলুল আলম এর অনুবাদ করেছেন। এছাড়া একইসঙ্গে ব্যারিস্টার মওদুদ আহমদের লিখিত ‘বাংলাদেশ এরা অব শেখ মুজিবুর রহমান’ শীর্ষক গ্রন্থটি পঞ্চম সংস্করন বের হয়েছে। এর প্রথম সংস্করণ বের হয়েছিলো ১৯৮৩ সালে। এটি ব্যারিস্টার মওদুদ আহমদের সবচেয়ে আলোচিত গ্রন্থ।
বই বিক্রি করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে টেবিল সাজিয়ে নিজের লেখা বইগুলো বিক্রি করতে তাকে দেখা গেছে। স্টলে ছিলো তার লেখা ১৪টি বই। এসব বই কিনতে আইনজীবীদের ভিড় লক্ষ্য করা গেছে। ব্যারিস্টার মওদুদ দিচ্ছেন বইয়ের ক্রেতাদের অটোগ্রাফ ।
সম্প্রতি ‘বাংলাদেশের গণতন্ত্র ১৯৯১ থেকে ২০০৬’ এবং ‘বাংলাদেশ এরা অব শেখ মুজিবুর রহমান’ শীর্ষক গ্রন্থটির মোড়ক উম্মোচন করা হয়েছে। এই বই দুটি ছাড়াও ব্যারিস্টার মওদুদ রচিত ‘সাউথ এশিয়া: ক্রাইসিস অফ ডেভেলপমেন্ট দি কেস অব বাংলাদেশ’, ‘ডেমোক্র্যাসি এন্ড দি চ্যালেঞ্জ অফ ডেভেলপমেন্ট’, ‘বাংলাদেশ কন্সটিটিউশনাল কোয়েস্ট ফর অটনমি’, ‘বাংলাদেশ ইমারজেন্সি এন্ড দি আফটারমাথ ২০০৭-২০০৮’, ‘চলমান ইতিহাস’, ‘বাংলাদেশ স্বায়ত্তশাসন থেকে স্বাধীনতা’, ‘কারাগারে কেমন ছিলাম ২০০৭-২০০৮’, ‘গণতন্ত্র ও উন্নয়নের চ্যালেঞ্জ’, ‘সংসদে যা বলেছি’, ‘দক্ষিণ এশিয়া:উন্নয়নের সংকট বাংলাদেশ প্রেক্ষিত’, ‘বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের শাসনকাল’, শীর্ষক বই গুলো স্টলে বিক্রি হচ্ছে। আইনজীবী ও সাধারণ মানুষ এসব বই ক্রয় করছেন। এসব বই দি ইউনির্ভাসিটি প্রেস লিমিটেড থেকে প্রকাশিত হয়েছে।
