জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. মনজুরুল হাসানের অপসারণ ও ক্লাস-পরীক্ষা চালু করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ঘেরাও করেন এ বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা প্রশাসন ভবন ঘেরাও করে রাখেন। পরে বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেন।
জানা যায়, ভূগোল ও পরিবেশ বিভাগের ৩৭তম ব্যাচের মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা কমিটির সভাপতি ছিলেন অধ্যাপক ড. মো. মনজুরুল হাসান। কিন্তু নির্দিষ্ট সময়ে পরীক্ষা নিতে না পারায় বিভাগীয় সভায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। এতে ড. মনজুরুল হাসান বিভাগ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন। এ ঘটনায় বিভাগের অন্য শিক্ষকরা তাকে বিভাগের অন্য সব দায়িত্ব থেকে অব্যাহতি দেন। এ ঘটনায় গত ৭ নভেম্বর কয়েকজন বহিরাগত নিয়ে ক্যাম্পাসে আসেন ড. মনজুরুল হাসান। পরে তিনি বিভাগের নানা সমস্যার কথা উল্লেখ করে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠান। পরে বিভাগীয় একাডেমিক সভায় ওই সংবাদ বিজ্ঞপ্তিটি উদ্দেশ্য প্রণোদিত ও উস্কানিমূলক উল্লেখ করে শিক্ষকদের নিরাপত্তার জন্য প্রশাসনকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে বলা হয়। এ জন্য শিক্ষকেরা প্রশাসনকে ১৪ নভেম্বর পর্যন্ত সময় দেন। কিন্তু প্রশাসন জিডি না করায় গত ১৫ নভেম্বর বিভাগীয় একাডেমিক কমিটির সভায় অনিদিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, বহিরাগত ইস্যু নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটি তদন্ত কমিঠি গঠন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা নিতে শিক্ষকদের অনুরোধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, বিভাগীয় শিক্ষকদের সাথে কথা বলে দ্রুত এ সমস্যার সমাধান করা হবে।
