কৃষি জমির টপ সয়েল বহন করার দায়ে ট্রাকচালক ও হেলপারের কারাদণ্ড

আপডেট : ১০ মার্চ ২০১৯, ২১:৩৫

চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা

কৃষি জমির টপ সয়েল কেটে ট্রাকযোগে ব্রিক ফিল্ডে বহন করার সময় বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ট্রাকের চালক ও হেলপারকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে বেগমগঞ্জ উপজেলার ফেনাঘাটা নামক স্থানে একটি ট্রাক পার্শ্ববর্তী আলাইয়ারপুর গ্রাম থেকে কৃষি জমি থেকে টপ সয়েল কেটে ব্রিকফিল্ডে নিয়ে যাওয়ার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার দ্রুত ফেনাঘাটা পৌঁছে ট্রাকটি মাটিসহ জব্দ করে এবং ট্রাকের ড্রাইভার মো. সেলিম ও হেলপার কামাল উদ্দিনকে এক বছর করে কারাদণ্ড দিয়ে জেলে পাঠায়।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমীন জানান, কৃষি জমির টপ সয়েল কেটে নিলে ঐ জমিতে উর্বরা শক্তি ফিরে পেতে ৪/৫ বছর সময় লেগে যায়। এ নিয়ে ব্রিকফিল্ড মালিকদের নিয়ে একাধিকবার বৈঠকও করা হয়েছে। মালিকরাও কৃষি জমির টপ সয়েল না কাটার প্রতিশ্রুতি দেয়। তারপরও টপ সয়েল কাটা থামানো যাচ্ছে না। বাধ্য হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নিতে হচ্ছে। তাছাড়া মাটি বোঝাই ট্রাক যাতে গ্রামের রাস্তা দিয়ে চলাচল না করে সে ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তা বন্ধ করতে অভিযান অব্যাহত থাকবে।