মাদকমুক্ত সমাজ গঠন ও বাল্যবিবাহ রোধে সাইকেল শোভাযাত্রা

আপডেট : ১০ মার্চ ২০১৯, ২১:৩৫

নেত্রকোনা প্রতিনিধি

মাদকমুক্ত সমাজ গঠন, বাল্যবিবাহ রোধ এবং ইভটিজিংয়ের বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনার ২৩ সদস্যবিশিষ্ট রোভার স্কাউটের একটি দল শত মাইল সাইকেল শোভাযাত্রা গত শনিবার বিকালে শেষ করেছে। নেত্রকোনা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শনিবার সকালে শুরু হওয়া এই শোভাযাত্রা উদ্বোধন করেন নেত্রকোনা জেলা রোভার্স স্কাউট সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী। এতে বক্তব্য রাখেন ডিআরএসএল শামসুল হক এবং আরএসএল শাহীনুল ইসলাম। ‘শতবর্ষে রোভারিং সুনাগরিক প্রতিদিন’ —এই প্রতিপাদ্য নিয়ে রোভার্স স্কাউটের সদস্যবৃন্দ নেত্রকোনা সরকারি কলেজ থেকে শুরু করে কলমাকান্দা উপজেলার লেঙ্গুরাস্থ মুক্তিযুদ্ধের সাত শহীদের মাজার ঘুরে পুনরায় সরকারি কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এই টিমের বাইসাইকেল শোভাযাত্রায় তিনজন গার্ল-ইন রোভার ছিলেন। সাইকেল শোভাযাত্রা শেষে তারা বলেন, তারা শোভাযাত্রার সময় বিভিন্ন স্থানে মাদকমুক্ত সমাজ গঠন, বাল্যবিবাহ রোধ এবং ইভটিজিংয়ের বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধির জন্য জনগণের সাথে কথা বলেছেন।