উচ্চমাধ্যমিকে আইসিটির ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া কোর্সওয়্যারের উদ্বোধন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৫, ২৩:১৩

বর্তমানে একাদশ-দ্বাদশ শ্রেণিতে আবশ্যিক হিসেবে চালু হওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি সহজে ভিজ্যুয়ালি শেখার জন্য সিসটেক পাবলিকেশন্সের উদ্যোগে এবং সিসটেক ডিজিটাল লিমিটেডের সহযোগিতায় প্রথমবারের মতো উচ্চমাধ্যমিকের কোনো বিষয়ের ওপর ইন্টার্যাকটিভ মাল্টিমিডিয়া কোর্সওয়্যার তৈরি করা হয়েছে।

 
সম্প্রতি রাজধানীর আগারগাঁওস্থ ন্যাশনাল লাইব্রেরি অডিটরিয়ামে কোর্সওয়্যারটির উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসিস সভাপতি শামীম আহসান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র পাল এবং ডিরেক্টরেট অব আর্কাইভস অ্যান্ড লাইব্রেরিজের পরিচালক ওয়াদুদুল বারি চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসটেক পাবলিকেশন্স ও সিসটেক ডিজিটালের চেয়ারম্যান মাহবুবুর রহমান।
 
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সিসটেক ডিজিটালের সিইও ও বেসিস ভাইস প্রেসিডেন্ট এম রাশিদুল হাসান। অনুষ্ঠানে জানানো হয়, দুই সিডিতে প্রকাশিত এই কোর্সওয়্যারটিতে উচ্চমাধ্যমিক ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বিষয়টিকে অডিও, ভিডিও, প্রেজেন্টেশন, অ্যানিমেশন প্রভৃতির মাধ্যমে আকার্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে।
 
প্রোগ্রামিংয়ের অধ্যায়গুলোকে সহজবোধ্যরূপে লেকচারের মাধ্যমে এবং হাতে-কলমে শেখানোর ব্যবস্থা করা হয়েছে। শিক্ষকরা তাদের ক্লাসে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে এই কোর্সওয়্যার ব্যবহার করে সহজেই শিক্ষার্থীদের পাঠদান করতে পারবেন।
 

এ ছাড়া শিক্ষার্থীরা নিজেরাও এর মাধ্যমে তাদের পড়ার বিষয়গুলোকে আত্মস্থ করতে পারবে।