কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার। শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে তিন ইউনিটের ভর্তি পরীক্ষা। পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের জালিয়াতি ও শৃঙ্খলা রক্ষায় ৪টি ভ্রাম্যমাণ আদালত কাজ করবে।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কোনো সংঘবদ্ধ চক্র যেন জালিয়াতি করতে না পারে সে জন্য কঠোর অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়েল প্রশাসন। পরীক্ষার কেন্দ্রে মোবাইল, ক্যালকুলেটর, ঘড়িসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়।
বিশ্ববিদ্যালয়টির প্রক্টর আইনুল হক জানান, সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পূর্ণ করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও র্যাব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা করবে। এছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত থাকবে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেট ও রোভার স্কাউটের সদস্যরা। বিশ্ববিদ্যালয়, পাশের কেন্দ্র ও নগরীর বিভিন্ন কেন্দ্রে কাজ করবেন চারটি ভ্রাম্যমাণ আদালত ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির মোবাইল টিম।
৪ ডিসেম্বর সকালে ‘এ’ ইউনিট এবং বিকালে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ৫ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩টি কেন্দ্রে, বি ইউনিটের ভর্তি পরীক্ষা ১২টি কেন্দ্রে ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তিনটি ইউনিটে মোট আবেদন করেছেন ৪৪, ৪৪৭ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৪ জন। বিশ্ববিদ্যালয়টিতে নতুন শিক্ষাবর্ষে ৬টি অনুষদের ১৯টি বিভাগে ১ হাজার ১০জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
উল্লেখ্য, এ বছর সমাজিক বিজ্ঞান অনুষদের অধীনে গণযোগাযোগ ও সাংবাদিতকা বিভাগ এবং আইন অনুষদের অধীনে আইন বিভাগ চালু করা হয়েছে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইট (www.cou.ac.bd) থেকে জানা যাবে।
