আত্মহত্যা কোনোভাবেই কাম্য না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী আত্মহত্যার মতো অসম্মানজনক অবমাননাকর পরিস্থিতিকে বরণ করে নিয়েছে। ঢাবির শিক্ষার্থীরা বিজ্ঞানমনস্ক এবং উদারমনা হিসেবে গড়ে ওঠার সুযোগ লাভ করে। এটি খুব দুঃখজনক যে, তাদের মধ্যে এ ধরনের নেতিবাচক দৃৃষ্টিভঙ্গি জন্ম নেয়। আত্মহত্যা মানবতার জন্য লজ্জাজনক।
গতকাল মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে তিন দিনব্যাপী নাট্য উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ উত্সবের আয়োজন করে।
অনুষ্ঠানে নাট্য ব্যক্তিত্ব মাসুম রেজা, ত্রপা মজুমদার ও মু. মাহতাব উদ্দিন আরজুকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যজন সম্মাননা ২০১৮ প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ঢাবি সাংস্কৃতিক সংসদের মডারেটর সাবরিনা সুলতানা চৌধুরী, টিএসসির উপদেষ্টা অধ্যাপক ড. সৌমিত্র শেখর, অধ্যাপক ড. মফিজুর রহমান প্রমুখ।
উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রেণিকক্ষ ও গবেষণা কক্ষের বাইরে বিভিন্ন ধরনের সহ-শিক্ষামূলক কার্যক্রমে উত্সাহিত করে। মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ বিনির্মাণের জন্য সাংস্কৃতিকমনস্ক শিক্ষার্থী হিসেবে গড়ে ওঠা প্রয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর থিয়েটার আর্ট ইউনিট দলের অভিনয়ে ‘আমিনা সুন্দরী’ নাটক মঞ্চায়িত হয়। আয়োজকরা জানান, আজ বুধবার সন্ধ্যা ৬টায় ঐতিহাসিক রাজনৈতিক ঘটনা নিয়ে কথা সাহিত্যিক শাহাদুজ্জামানের ‘ক্রাচের কর্নেল’ নাটক পরিবেশনা করবে নাট্যদল বটতলা। আর অনুষ্ঠানের শেষ দিন আগামীকাল বৃহস্পতিবার দেশ নাটক দলের পরিবেশনায় ‘নিত্যপুরাণ’ নাটক মঞ্চায়িত হবে। প্রতিটি নাটকের টিকিট মূল্য ৫০ টাকা।
