রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা
রাজাপুরে সদর ইউপি সদস্য আসলাম হোসেন লিটুর ওপর শনিবার হামলার ঘটনা ঘটে। স্থানীয় হাজিরহাট মৃধাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, রাজাপুর সদর ইউপির ৮ নং ওয়ার্ডের বর্তমান সদস্য রোলা গ্রামের আসলাম হোসেন লিটু উপজেলা সদরে আসার পথে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিত্সার জন্য তাকে বরিশাল সদরে শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। হামলার ঘটনায় রাতেই লেবুবুনিয়া বাজার এলাকা থেকে মামুন হাওলাদার নামের একজন ভাড়াটিয়া ঘাতককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। সে বাগেরহাট জেলার মোরলগঞ্জ উপজেলার সাংকিভাঙ্গ গ্রামের আলী আজগরের ছেলে। রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, এ ঘটনায় রবিবার দুপুরে আহতের স্ত্রী শামিমা আক্তার বাদী হয়ে মামলা করেন। অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।
