রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
‘দখল ও দূষণমুক্ত প্রবাহমান ডাকাতিয়া নদী, বাঁচবে প্রাণ বাঁচবে প্রকৃতি’ এই শ্লোগানকে সামনে রেখে ডাকাতিয়া সুরক্ষা আন্দোলন ও রিভারাইন পিপলের উদ্যোগে রবিবার মানববন্ধন হয়েছে। ডাকাতিয়া নদী দখল মুক্ত করে পুনরায় নৌপথ চালুর দাবিতে রায়পুর উপজেলার প্রধান সড়কে এ মানববন্ধন হয়। এ সময় বক্তব্য রাখেন ডাকাতিয়া সুরক্ষা আন্দোলন রায়পুর উপজেলার আহ্বায়ক আযম খান। উপস্থিত ছিলেন রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার ঢালী, সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, স্বেচ্ছাসেবী সংগঠন সুহূদের সেক্রেটারি অ্যাডভোকেট সুমন মনির প্রমুখ। বক্তারা বিগত ১৯ বছর ধরে বিলীন হতে চলা ডাকাতিয়া নদী দখলমুক্ত করে পুনরায় নৌপথ চালুকরণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
