'নিখোঁজ হওয়া ১৯ জনকে ফিরিয়ে দেয়া হোক'

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৫, ১৫:৩৬
২০১৩ সালে নিখোঁজ হওয়া ১৯ জনের পরিবার শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ হওয়া সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম তুলি। 
 
বক্তারা বলেন, 'যেভাবেই হোক প্রধানমন্ত্রীর নির্দেশে গুম হওয়া ১৯ জনকে ফিরিয়ে দেয়া হোক।'
 
তারা জানান, ২০১৩ সালের ২৮ নভেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে ১৯ জনের নিখোঁজ হওয়ার কথা জানা গেছে, যারা রাজধানীতে থাকতেন। গত দুই বছরে নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয়সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন। কয়েক দফা দরখাস্ত দিয়েছেন। এ ছাড়া বেশ কয়েকবার মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন। দেশে ও বিদেশে মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে স্বজনদের ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন। তবে সাধারণ ডায়েরি ও মামলা করতে চাইলে তা নেওয়া হয়নি বলে তারা জানিয়েছেন।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাজেরা খাতুন (মা), জাহিদুল করিম মা নিফুফা বেগম, এম এ আদনান চৌধুরীর বাবা রুহুল আমিন। সেলিম রেজা পিন্টুর বড় বোন মুন্নি, খালিদ হোসেনের স্ত্রী সৈয়দা সাম্মি সুলতানা, পারভেজ হোসেনের মেয়ে হৃদি (৫), সোহেলের ছেলে রাজু (৫), সোহেল চঞ্চলের ছেলে আহাদ, মাহবুব হাসানের ছোট ভাই শাকিল, নিজামুদ্দিন মুন্নার বাবা শামসুদ্দিন প্রমুখ।