মারা গেছেন তালেবান নেতা মোল্লা মনসুর!

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৫, ১৬:২৫

বন্দুকযুদ্ধে তালেবান নেতা মোল্লা আখতার মনসুর নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। মোল্লা ওমরের মৃত্যুর পর তিনিই আফগানিস্তানের সশস্ত্র সংগঠন তালেবানের নেতা নিযুক্ত হয়েছিলেন। তবে তালেবান কর্তৃপক্ষ এই খবরকে অস্বীকার করছে।

আফগানিস্তানের সরকারি কর্মকর্তাদের বরাতে টাইমস অফ ইন্ডিয়া জানায়, ‘বুধবার পাকিস্তানের কোয়েটা শহরে তালেবান কমান্ডারদের এক বৈঠকে বিবাদের সময় সংঘটিত গোলাগুলিতে তিনি আহত হন এবং এরপরে তিনি মারা যান।’

তবে এ দাবি প্রত্যাখ্যান করে পুরো বিষয়টিকেই গুজব বলে উড়িয়ে দিয়েছে তালেবানরা। তালেবানদের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে বুধবার আফগান সরকার জানায় কোয়েটার ওই বৈঠকে বিতর্কের সূত্র ধরে বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়। এতে গুরুতর আহত হন মোল্লা মনসুর।

চীনের বার্তা সংস্থা শিনহুয়া জানায়, আফগানিস্তানের প্রথম ভাইস প্রেসিডেন্ট জেনারেল আব্দুল রশিদ দোস্তাম সামাজিক মাধ্যমে মোল্লা মনসুরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে তালেবানের এক মুখপাত্র জানায়, এই গুজব সম্পূর্ণ ভিত্তিহীন, তিনি সুস্থ আছেন। প্রিয়.কম।