কর্মীর বিরুদ্ধে ইউনাইটেড হাসপাতালের মামলা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৫, ২১:১৪
 
হাই কোর্টের রুলের পর নিজেদের কর্মীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করলো রাজধানীর ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। 
 
গত বৃহস্পতিবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ স্টাফ নার্স সাইফুল ইসলামকে আসামি করে রাজধানীর গুলশান থানায় এই মামলা দায়ের করে। ইউনাইটেড হাসপাতালের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা মইনুল ইসলাম নারী নির্যাতন আইনে এই মামলাটি দায়ের করেন।
 
প্রসঙ্গত, ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন এক নারীকে সাইফুল যৌন হয়রানী করেন বলে দুটি গণমাধ্যমে প্রচারিত সংবাদ বিবেচনায় নিয়ে গত বৃহস্পতিবার সকালে হাই বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুলসহ একটি আদেশ দেয়। ওই রুলে জানতে চাওয়া হয় এই ঘটনায় ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? সেইসঙ্গে সাইফুলকে গ্রেফতার করে ৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার মধ্যে আদালতে হাজির করতে গুলশান পুলিশের সহকারী কমিশনার (এসি) ও থানার ওসিকে নির্দেশ দেয়া হয়। 
 
একই সাথে ওই রুলে স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশের আইজি, ডিসি নর্থ, এসি গুলশান, থানার ওসি ও হাসপাতালের ব্যবস্থপনা পরিচালককে সাত দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।